নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, এসব দলকে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র সংশোধনের জন্য ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : বিএনপির সঙ্গে জোটে যাবে না এনসিপি
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি প্রদান করা হয়েছে, এবং বাকি ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি পাঠানো হবে। সংশ্লিষ্ট দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য বা দলিলাদি জমা না দিলে তাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে।
এর আগে, ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়, যার মধ্যে মোট ১৪৪টি দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এখনো দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। নতুন দলগুলোর মধ্যে কেউই প্রাথমিক মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারায় পরবর্তী ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকা ডেস্ক 









