স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-এর রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বৃষ্টির মধ্যে সুমিকে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তিনি পরে আমিলা বাজারের একটি বিশ্রামাগারে আশ্রয় নেন। উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলার সময় কখনো নিজেকে স্টার জলসার অভিনেত্রী, কখনো বেহালার বাসিন্দা, আবার কখনো বোলপুর থেকে আসা বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন : সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা
এমন বিভ্রান্তিকর আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে খণ্ডঘোষ থানার সহায়তায় সুমিকে মিশনারিজ অব চ্যারিটির তত্ত্বাবধানে রাখা হয়।
৩১ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটক এবং মঞ্চে সক্রিয় ছিলেন। এ বছরের শুরুতেও একটি নাট্যদলের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে তিনি কেন বা কী কারণে বর্ধমানে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এই ঘটনার পর অভিনেত্রীর অনুরাগী ও টেলিভিশন অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করছেন।
ঢাকা ডেস্ক 









