ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ৬ জন নিরস্ত্র আন্দোলনকারীকে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ অভিযোগ গঠন করে এই আদেশ দেন।
আগামী ১০ আগস্ট মামলার সূচনা বক্তব্য এবং ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মামলার চারজন আসামি কারাগারে আটক অবস্থায় আদালতে হাজির ছিলেন। তারা হলেন—সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।
তবে মামলার প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক রয়েছেন। বাকিরা হলেন—সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
আরও পড়ুন : ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা, স্বামী আটক
অভিযোগপত্র অনুযায়ী, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চানখাঁরপুল এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালায় পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী। এতে শহিদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।
এ ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাটি গত ২৫ মে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। রাষ্ট্রপক্ষ বলছে, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত হয়েছে।
ঘটনার পর সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে নানা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যার মধ্যে এ মামলাটি অন্যতম।
ঢাকা ডেস্ক 









