ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা রয়েছে—এমন মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিলেন এক মা। উদ্দেশ্য ছিল—নিজের ছেলেকে যেন পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে নিয়ে বিদেশ যেতে না পারে।
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। তখন বিমানটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।
আরও পড়ুন : উড়ো ফোনে বোমার গুজব, ঢাকায় নেপালগামী বিমানে তল্লাশি
এমন সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী ও ক্রুদের দ্রুত বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এবং ফ্লাইটটি স্থগিত করা হয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিট আড়াই ঘণ্টার তল্লাশি চালিয়ে নিশ্চিত হয়—বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে রাতেই ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।
র্যাব প্রধান জানান, অনুসন্ধানে দেখা যায়, এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী ও মা ক্ষুব্ধ হন। পরে মায়ের পরিকল্পনায় ছেলের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইট সংক্রান্ত তথ্য নিয়ে কৌশলে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন দিয়ে মিথ্যা বোমার তথ্য দেওয়া হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র্যাব ডিজি বলেন, “এ ধরনের ঘটনা শুধু নিরাপত্তা বিঘ্নিত করে না, বরং একটি দেশের বিমান চলাচল, যাত্রী নিরাপত্তা ও আন্তর্জাতিক সুনামকেও হুমকির মুখে ফেলে।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









