উড্ডয়নের মুহূর্তে হঠাৎই থমকে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট। এক উড়ো ফোনকলে জানানো হলো—বিমানে নাকি বোমা! আর এতেই তৈরি হয় আতঙ্ক ও নিরাপত্তা সতর্কতা। তবে তল্লাশির পর কোনো বিস্ফোরক না পাওয়ায় স্বস্তি ফিরে আসে যাত্রী, কর্মী ও সংশ্লিষ্টদের মাঝে।
শুক্রবার বিকেল ৪টা ২৬ মিনিট। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের দিকে ট্যাক্সি করছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি। তাতে ছিলেন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু। ঠিক সেই সময় একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে—যেখানে দাবি করা হয়, বিমানে রয়েছে বোমা।
আরও পড়ুন : ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে-কুপিয়ে নৃশংসভাবে হত্যা, লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, পরিস্থিতির গুরুত্ব বুঝে তাৎক্ষণিকভাবে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। বিমান বাহিনীর ফাস্ট রেসপন্স টিম, এভসেক নিরাপত্তা ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং এপিবিএন-এর ডগ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে।
পরবর্তীতে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী টিমও তল্লাশিতে যোগ দেয়। বিমানের কেবিন থেকে শুরু করে লাগেজ কম্পার্টমেন্ট—সবখানেই চলে নিখুঁত পরীক্ষা-নিরীক্ষা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ড. সাফিকুর রহমান বলেন, ‘‘ফোনকলে বোমার তথ্য পাওয়ার পরপরই আমরা ফ্লাইটটি থামিয়ে দেই এবং যথাযথ তল্লাশি চালানো হয়। তবে কোনো বোমার অস্তিত্ব মেলেনি। যাত্রীরা পুরোপুরি নিরাপদ।’’
তিনি আরও জানান, ফ্লাইটটি স্বল্প সময়ের মধ্যেই কাঠমান্ডুর উদ্দেশ্যে পুনরায় উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা ডেস্ক 









