গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রাজধানীর সূত্রাপুরে ৩ সন্তানসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার (১১ জুলাই) দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, রিপন (৪০), তার স্ত্রী চাঁদনি (৩৫), ছেলে তামিম (১৮), রোকন (১৪) ও দেড় বছরের কন্যা শিশু আয়শা।
শুক্রবার (১১ জুলাই) চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে।
এতে তারা আগুনে পুড়ে যায়। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
আরও পড়ুন : যাত্রাবাড়ীতে কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে শিশুসহ দগ্ধ ওই পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়
রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫, তামিম ৪২, রোকন ৬০ ও আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তবে সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন বিন রহমান ।
ঢাকা ডেস্ক 









