৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি’কে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, কিছু ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছেন। এসব বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) এর নাম ও স্বাক্ষর জাল করে ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচরে এসেছে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই ধরনের কোনো বিজ্ঞপ্তি পিএসসি থেকে প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd তে প্রকাশিত বিজ্ঞপ্তি ও নোটিশ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।‘
পিএসসি জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৮ জুলাই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো প্রার্থী।
আরও পড়ুন : গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
৪৮তম বিশেষ বিসিএসে মোট নম্বর ৩০০। এর মধ্যে:
- লিখিত (এমসিকিউ) পরীক্ষা: ২০০ নম্বর
- মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর
এমসিকিউ অংশে ১০০ নম্বর থাকবে মেডিকেল সায়েন্স বিষয়ে এবং ১০০ নম্বর থাকবে সাধারণ বিষয়ে।
সাধারণ বিষয়ের মধ্যে:
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- বাংলাদেশ বিষয়াবলি: ২০
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
- মানসিক দক্ষতা: ১০
- গাণিতিক যুক্তি: ১০
পিএসসি সতর্ক করে জানিয়েছে, ‘ভুয়া বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার একটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কমিশনের এই সতর্কতা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে, তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হবে বলেও জানা গেছে।
ঢাকা ডেস্ক 









