প্রখ্যাত অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তিনি প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনিতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, “হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাঁর মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সাধারণত এই ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।”
আরও পড়ুন : বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সেনা কর্মকর্তা হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং পরে যোগ দেন বিবিসি বাংলায়।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নির্মিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। এরপর ‘মেড ইন বাংলাদেশ’, ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এই প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য।
ঢাকা ডেস্ক 









