বলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া আবারও ফিরে এসেছেন আলোচনায়। ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। সেই সময়ের মিষ্টি খুনসুটি, রসিকতা আর গুঞ্জন আবারও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তখনই প্রথমবার শাহরুখের নাম কোনো সহ-অভিনেত্রীর সঙ্গে জড়ায়। কারণ ২০০৩ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা প্রকাশ্যে জানিয়েছিলেন, কিং খানের প্রতি তার বিশেষ অনুরাগ রয়েছে। তিন বছর পর যখন ‘ডন’ মুক্তির সময় আসে, এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ ফের ওঠে।
সেই সাক্ষাৎকারেই এক সাংবাদিক শাহরুখকে জিজ্ঞেস করেন—ছবির এক সংলাপে তিনি প্রিয়াঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলেছেন, বাস্তবেও কি তিনি তাই ভাবেন? জবাবে শাহরুখ হাসতে হাসতে বলেন, “না, প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর।”
আরও পড়ুন : প্রেমের প্রস্তাবে শ্রদ্ধা কাপুরের মজার প্রতিক্রিয়া: ‘জানেন তো, আমার বাবা কে?’
সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা পাল্টা বলেন, “আমি কারও পোষা নই।” তখন শাহরুখ রসিকভাবে যোগ করেন, “তাহলে তুমি আমার পোষা খরগোশ। আমি ওকে খুব ভালোবাসি এবং তার প্রতিভাকে শ্রদ্ধা করি।”
তাদের এই বন্ধুত্বপূর্ণ খুনসুটি তখন যেমন আলোচনায় ছিল, এখনো তেমনি ফিরে এসেছে জনমনে। কারণ, একসময় গুঞ্জন উঠেছিল—এই দুই তারকার সম্পর্ক বন্ধুত্বের চেয়েও ঘনিষ্ঠ। প্রিয়াঙ্কার বাড়ির সামনে রাতে শাহরুখের গাড়ি দেখা যাওয়া বা দুজনকে একই ধাঁচের জ্যাকেটে দেখা যাওয়ার মতো ঘটনাগুলো তখন সংবাদ শিরোনাম হয়েছিল।
তবে সময়ের সঙ্গে গুঞ্জন থেমে গেলেও কৌতূহল কমেনি। এখন প্রিয়াঙ্কা চোপড়া স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে কাজ করছেন, আর শাহরুখ খান নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত। সম্পর্ক নিয়ে কেউই কখনও প্রকাশ্যে মন্তব্য না করলেও, ভক্তদের মনে সেই রসায়নের স্মৃতি এখনও তাজা।
ঢাকা ডেস্ক 









