রাজধানীতে যাত্রীসেবার মান উন্নয়ন ও সুবিধা বাড়াতে পরিবর্তন আনা হয়েছে মেট্রোরেলের সময়সূচিতে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি অনুযায়ী ধীরে ধীরে যাত্রীসেবার মান উন্নত করার অংশ হিসেবে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, পূর্বে যা ছাড়ত রাত ৯টায়।
আরও পড়ুন : পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আবদুল্লাহ
অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। শেষ ট্রেনের সময়ও বাড়ানো হয়েছে—আগে যেখানে রাত সাড়ে ৯টায় শেষ ট্রেন ছেড়ে যেত, এখন তা ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
তবে শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকছে। সেদিন উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং শেষ ট্রেন রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।
ডিএমটিসিএল আশা করছে, নতুন সময়সূচি কার্যকর হলে অফিসগামী যাত্রীসহ সাধারণ নাগরিকদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
ঢাকা ডেস্ক 









