দুদিনের ধর্মঘট শেষে আজ সোমবার সকাল থেকে আবারও সচল হয়েছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে গত শনিবার ও রোববার এই গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
সকালে ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছেড়ে যেতে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই টার্মিনালগুলোতে ঢাকামুখী যাত্রীদের ভিড়। গৌরীপুর থেকে আসা এক যাত্রী বলেন, “গতকাল ফেরার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে যেতে পারিনি। আজ সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।”
আরও পড়ুন : ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
অন্য এক যাত্রী জান্নাতুল প্রিয়া অভিযোগ করে বলেন, “কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্টে পড়েছে। নিজেদের দাবি আদায়ে এমনভাবে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়।”
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অন্যান্য পরিবহনও ধীরে ধীরে রাস্তায় ফিরছে। ফলে মহাসড়কে আগের চিত্র ফিরে এসেছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধী পক্ষের বিরোধের জেরে শনিবার ও রোববার দুই দিন বাস চলাচল বন্ধ ছিল। পরে রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। জনদুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত বাস চলাচল স্বাভাবিক রাখা এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে অভ্যন্তরীণ সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা ডেস্ক 









