দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৭ অক্টোবর) অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ২১৭ জনের মৃত্যু এবং ৫১ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন : আবারও ইসির কাছে শাপলা প্রতীক চেয়ে এনসিপির চিঠি
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বাধিক ১৪২ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং ১৩১ জন বরিশাল বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৭০, খুলনায় ৪১, ময়মনসিংহে ৩৪, রাজশাহীতে ৩২, রংপুরে ১০ জন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ১৪১ ও ১১৪ জন ভর্তি হয়েছেন।
গত এক দিনে মারা যাওয়া দুজনের একজন ঢাকা উত্তর এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ৪৮ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়। তার আগের বছর ২০২৩ সালে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ও ৩ লাখ ২১ হাজারের বেশি সংক্রমণের রেকর্ড হয়েছিল।
ঢাকা ডেস্ক 









