জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের প্রস্তাবিত ৫০টি বিকল্প প্রতীক প্রত্যাখ্যান করে আবারও ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান নিয়েছে। কমিশনের নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সময় পেলেও দলটি জানিয়েছে, তারা পুনরায় ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করবে।
দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সোমবার গণমাধ্যমকে বলেন, “ইসির প্রস্তাবিত প্রতীকগুলোর কোনোটিই আমরা গ্রহণ করছি না। আগামীকাল কমিশনে আবারও ‘শাপলা’ প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।”
এর আগে এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রস্তাব করেছিল। পরে তা সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চাওয়া হয়। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালায় এসব প্রতীক না থাকায় ইসি আবেদনটি বাতিল করে।
আরও পড়ুন : কক্সবাজারে ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্ধারিত প্রতীক তালিকা থেকে বেছে নিতে হয়। সেখানে শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলা হয়েছিল।
ইসির প্রস্তাবিত ৫০ প্রতীকের তালিকায় রয়েছে— খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা, কাপ-পিরিচ, কলম, মোবাইল ফোন, বাঁশি, টেবিল, হাঁস, টিউবওয়েল, দোলনা, ফুটবল, প্রজাপতি, মাইক, সোফা, হেলিকপ্টার, বৈদ্যুতিক পাখা, ফ্রিজসহ আরও কয়েকটি প্রতীক।
তবে এসব বিকল্প প্রস্তাব প্রত্যাখ্যান করে এনসিপি জানিয়েছে, তারা কেবল ‘শাপলা’ প্রতীকেই নির্বাচন করতে চায়।
অন্যদিকে ইসি বলছে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা— কোনোটিই নেই, তাই এগুলোর বরাদ্দ দেওয়ার আইনগত সুযোগ নেই।
ঢাকা ডেস্ক 









