আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
রোববার (৫ অক্টোবর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই তিন বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন : নেপাল-ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়, মৃত ৬৭
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে বুধবার (৮ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। রংপুর ও রাজশাহী অঞ্চলের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
বুধবারের পর থেকে (৮–৯ অক্টোবর) সারাদেশে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমলেও, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









