সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ১৪৮ জনে পৌঁছেছে।
বুধবার (১ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৮ হাজার ৭১৬ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ৫১ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৮০ জন।
বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৪ ফিলিস্তিনি নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে শুধু ত্রাণ সহায়তা সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৮০ জনে এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৯৩০ জনের বেশি।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঢাকা ডেস্ক 









