বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করেছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১,৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জনকে নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে, প্রতিদিন সকাল ১০টায়।
আরও পড়ুন : ৪৫ তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১, নির্ধারিত সব সনদপত্র ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) সঙ্গে আনতে হবে। পাশাপাশি মূল সনদপত্রও প্রদর্শন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে কমিশন জানিয়েছে।
বিপিএসসি প্রার্থীদের সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
ঢাকা ডেস্ক 









