চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে জেলেদের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে সাঙ্গু নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন জেলে গুরুতর আহত হয়েছেন। আহতদের কাছ থেকে মাছ, মোবাইল ফোন ও ব্যক্তিগত মালপত্র লুট করার অভিযোগও উঠেছে।
আহত জেলে শওকত হোসেন (৩৫) আনোয়ারার বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়িতে দেওয়া অভিযোগে জানিয়েছেন, তারা সাগর থেকে মাছ শিকার শেষে ফেরার সময় একদল লোক অতর্কিত হামলা চালায়। প্রথমে নৌকায় পাথর নিক্ষেপ করা হয়, পরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা নৌকায় উঠে জেলেদের মারধর করে। এ সময় কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। শওকত দাবি করেন, হামলাকারীরা তাকে নিজেদের বোটে তুলে নিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং পরে মাছসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।
আরও পড়ুন : ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
অভিযোগে আরও বলা হয়েছে, এ হামলার নেতৃত্বে ছিলেন বাঁশখালীর প্রেমাশিয়া এলাকার ফিরোজ নামের এক ব্যক্তি। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি জেলেদের মধ্যকার অভ্যন্তরীণ বিরোধ বলেই মনে হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ঘটনার পর উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, সাগরে প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকির মুখে মাছ ধরতে হয়, যা জীবিকা নির্বাহকে আরও অনিশ্চিত করে তুলছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
ঢাকা ডেস্ক 









