নীলফামারীর ডিমলায় বেপরোয়া গতির একটি বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শুটিবাড়ি বাজারসংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন। পাশাপাশি তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার এবং ডিমলার তিতপাড়া বড় জুমা জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকটি ট্রলি শুটিবাড়ি থেকে ডালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে নিজবাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : নাটোরে জুস খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু, দাদি আটক
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং ট্রলির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রতিকার দাবি জানান। একই সঙ্গে সোমবার (২৯ সেপ্টেম্বর) শুটিবাড়ি ও ডিমলা-ডালিয়া সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
এলাকাবাসীর অভিযোগ, ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এসব বালু বহনের জন্য ব্যবহৃত ট্রলির বেপরোয়া চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









