খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জনগণের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে পড়ার সম্ভাবনা থাকায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আরও পড়ুন : দেশে আবারও ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল যশোর
প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। একই সঙ্গে ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে, ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। এ কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি এবং জেলার ৯ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঢাকা ডেস্ক 









