রংপুর নগরীতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পিকআপভ্যানের সহকারী আরিফ হোসেন (২০), যাত্রী শাহিনা বেগম (২৮) এবং তার এক বছরের শিশু সন্তান ওয়ালিদ হোসেন স্বাধীন। নিহত আরিফ নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে। শাহিনা বেগম রংপুরের পীরগাছার সাতদরগা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা ব্রিজের একটু আগে মাহিগঞ্জগামী একটি পিকআপভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুবোঝাই ট্রাকটি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা তিনজন নিহত হন।
গুরুতর আহত চালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, দর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
ঢাকা ডেস্ক 









