রাজধানীর ঢাকা সিটি কলেজের দুই ছাত্রকে ভেপ দিয়ে ধূমপানরত অবস্থায় হাতেনাতে আটক করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি কলেজের ২নং ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে।
ধূমপানরত দুইজনই এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরে রোববার (২১ সেপ্টেম্বর) তাদের অভিভাবক ডেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজি নেয়ামুল হক বলেন, ঢাকা সিটি কলেজ পুরোপুরি ধূমপান ও রাজনীতিমুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে এ ধরনের কার্যকলাপের সুযোগ নেই। তাই শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের টিসি দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনার পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : পিছিয়ে গেল রাকসু নির্বাচন
অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, ধূমপানরত অবস্থায় ও ভেপ মেশিনসহ একাদশ বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীকে কলেজের ২নং ভবনের ২য় তলার বাথরুমে হাতেনাতে ধরা হয়। তাদের অভিভাবক ডেকে গত ২১ সেপ্টেম্বর দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে টিসি দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।
নোটিশে আরও বলা হয়, ঢাকা সিটি কলেজ সম্পূর্ণরূপে ধূমপান ও রাজনীতিমুক্ত একটি আদর্শ কলেজ। কোনো শিক্ষার্থী হ্যাপি আর্কেড বা কলেজ সংলগ্ন এলাকায় জটলা পাকালে ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকা ডেস্ক 









