মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। আর এই সাতটি যুদ্ধের প্রতিটির জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি।
তিনি আরও যোগ করেন, ভাবুন তো ভারত আর পাকিস্তান— ওদের পারমাণবিক অস্ত্র আছে। আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো তবে কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ থামাল। দুই দেশের নেতাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, তবে মূল ব্যাপার হলো— বাণিজ্যের মাধ্যমে এই সংঘাত থামানো গেছে।
শুধু ভারত-পাকিস্তান নয়, আরও একাধিক সংঘাত বন্ধ করার কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমরা থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো— সব জায়গায় যুদ্ধ বন্ধ করেছি। এর মধ্যে ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে।’
নিজের সাফল্যের দাবি করতে গিয়ে ট্রাম্প বলেন, অনেকে আমাকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি, তবে নোবেল পুরস্কার পাব। আমি বললাম, আমি তো ইতোমধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত।
ঢাকা ডেস্ক 









