এবার গাজা উপত্যকা থেকেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার বিষয়টি আগেই টের পেয়েছে তারা। তাই ক্ষেপণাস্ত্র দুটি ছোড়ার কিছুক্ষণ আগেই লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল।
আইডিএফের বিবৃতি অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া, গাজা থেকে কোন গোষ্ঠী ইসরায়েলে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।
ঢাকা ডেস্ক 









