কুমিল্লায় চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি জেলার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।
এ ঘটনার একটি ৩১ সেকেন্ডের ভিডিও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জোরদার হয়।
ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।
আরও পড়ুন : সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮
স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার জুমার নামাজের সময় মিলের কয়েকজন নিরাপত্তাকর্মী ও শ্রমিক চোর ধরার উদ্দেশ্যে ওত পেতে থাকে।
শ্রী জয় মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেয়। কুকুরের তাড়া খেয়ে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।
ঘটনার পর রাতেই র্যাব-১১ সিপিসি-২ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামের তিনজনকে গ্রেপ্তার করে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









