বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা প্রকাশ করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। পিএসসি জানিয়েছে, এ বিসিএসে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।
আরও পড়ুন : বিসিএস পরীক্ষার কারণে কর্মসূচি পরিবর্তন করল জামায়াত
পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি বিভাগীয় শহরে— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে।
নির্দেশনার মূল বিষয়গুলো:
- ১. পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এর পর কেউ প্রবেশ করতে পারবে না। পরীক্ষার কক্ষ নম্বর আগেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- ২. সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। প্রতিটি উত্তরপত্রে থাকবে চারটি সেট। সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণ শুরু হবে।
- ৩. পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড, গহনা বা ব্যাগ আনা যাবে না। এসব সামগ্রীসহ কাউকে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
- ৪. পরীক্ষার্থীদের কানে কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের সনদপত্র এবং কমিশনের অনুমোদন থাকতে হবে।
- ৫. পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
ঢাকা ডেস্ক 









