সাভারে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শুনানির সময় এনামুর রহমানকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশি আবেদনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন : সামনে আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা
মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ২০ জুলাই ‘জুলাই আন্দোলন’-এর সময় সাভার বাসস্ট্যান্ডের আর.এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভে অংশ নেন তুহিন আহমেদ নামের এক ব্যক্তি। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন ঢাকার সিএমএম আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তখন থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক মো. আশিক ইমাম জানান, তদন্তের অংশ হিসেবে আদালতে আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন।
ঢাকা ডেস্ক 









