ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সময় কাটানোর পর এবার আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করতে যাচ্ছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে তবে তারিখ আপাতত গোপন রাখা হবে। তিনি বলেন, “এখনই তারিখ প্রকাশ করতে চাই না। তবে খুব শিগগিরই বিয়ে হবে। ভেন্যু ঠিক করা আছে, কিন্তু শপিং এখনো শুরু করিনি। পূজার পর থেকে সবকিছু এগিয়ে নেব।”
আরও পড়ুন : কায়রোতে সর্বোচ্চ বায়ুদূষণ, ঢাকার অবস্থান কত?
অভিনেত্রীর ভাষ্য, এ বছরের শেষ ভাগ অথবা আগামী বছরের শুরুর দিকেই বিয়ের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শীতকাল তাদের দুজনেরই প্রিয় ঋতু হওয়ায় ওই সময়টিতেই অনুষ্ঠানের সম্ভাবনা বেশি।
মধুমিতা এর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’–তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়। ব্যক্তিজীবনে তিনি অভিনেতা সৌরভের সঙ্গে প্রথম সংসার শুরু করলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।
ঢাকা ডেস্ক 









