জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে সর্বাধিক ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মাজহারুল ইসলাম, যিনি ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী।
আরও পড়ুন : ৪০ ঘণ্টা পর শেষ হলো জাকসুর ভোট গণনা
এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন রাত থেকে ভোটগণনা শুরু হলেও তা দীর্ঘ সময় ধরে চলে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২১টি ছাত্র হলে বিভিন্ন অনুষদভিত্তিক ভোটাররা তাদের ভোট দেন। ছাত্রদের ১১টি হলে প্রায় ৫,০০০ ভোটার এবং ছাত্রীদের ১০টি হলে প্রায় ৬,৭০০ ভোটার তালিকাভুক্ত ছিলেন।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। অন্যদিকে ছাত্রীদের ১০টি আবাসিক হলে মোট ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না এবং ৬৭টি পদে একক প্রার্থী থাকায় ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এছাড়া ২১টি হলে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন।
ঢাকা ডেস্ক 









