জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে প্রবল বৃষ্টির পরপরই ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে বিদ্যুৎ চলে যায়। অন্ধকার নেমে এলে চার্জার লাইটের আলোয় ভোটগ্রহণ অব্যাহত রাখতে হয় নির্বাচন কর্মকর্তাদের।
শিক্ষার্থীরা জানান, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল, আ ফ ম কামালউদ্দিন হল ও বীর প্রতীক তারামন বিবি হলসহ একাধিক হলে বিদ্যুৎ না থাকায় ভোটকেন্দ্র অন্ধকারে ঢেকে যায়। তবে শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলে জেনারেটর ব্যবহার করে আলোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন : জাকসু নির্বাচনের সর্বশেষ আপডেট
ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন, “আমাদের হলে ভোট হচ্ছে নিচতলার আন্ডারগ্রাউন্ড কক্ষে। বিদ্যুৎ চলে যাওয়ায় ভেতরে বেশ অন্ধকার ছিল, যা ভোটদাতাদের জন্য অসুবিধাজনক হয়ে দাঁড়ায়।”
বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব জানান, “বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে চার্জার লাইট ব্যবহার করছি, যাতে ভোটগ্রহণ কোনোভাবেই ব্যাহত না হয়।”
ঢাকা ডেস্ক 









