দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর)। জাহাঙ্গীরনগরের ইতিহাসে এটি ১০ম জাকসু নির্বাচন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একযোগে ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী।
নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি।
এদিকে জাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল-
কবি নজরুল হলে ব্যালটে ভুল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুল পাওয়া যায়। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় একজনের নামের পাশে টিকচিহ্ন দিতে বলা হয়েছে।
ফজিলাতুন্নেসা হলে ভোট বন্ধ
ফজিলাতুন্নেসা হলে ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করায় হট্টগোলের সৃষ্টি হয়েছে। ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে তাদের বের করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে হট্টগোল চলছিল এবং ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
জাকসুর ভোট চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন : পদ্মার এক মাছ বিক্রি হলো লাখ টাকায়!
ছাত্রদল-শিবিরের প্লাটপাল্টি অভিযোগ
জাকসু নির্বাচনে ভোট দেয়ার পর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থী। উভয়েরই অভিযোগ, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোসহ প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে প্রশাসন। নানা অসঙ্গতির কথা জানালেও মিলছে না প্রতিকার। এছাড়া ক্যাম্পাসের বাইরে সাবেক শিক্ষার্থীদের আনাগোনা নিয়েও রয়েছে অভিযোগ করছে উভয় পক্ষ।
ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছে একাধিক প্রার্থী। আচরণবিধি লঙ্ঘন করে বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যায় ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব।ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
অপরদিকে আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মধ্যরাতে বৈঠকে বসেন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি’র যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মল্লিক, জার্মান প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুফ মল্লিক এবং শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি।
বৃষ্টি উপেক্ষা করে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা
বৃষ্টিস্নাত দিনে মুহুর্মুহূ বজ্রপাত, লোডশেডিং। তবুও থেমে থাকেনি কোনোকিছু। কিছু সময় আলো-আঁধারিতেই চলে ভোটগ্রহণ। ভোটাধিকার প্রয়োগের জণ্য বৃষ্টি উপেক্ষা করে নির্দিষ্ট কেন্দ্রে ছুটে যাচ্ছেন শিক্ষার্থীরা।
একই কেন্দ্রে ভোট দিলেন ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থী
নির্বাচনে সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। এর আধাঘণ্টা পরে একই কেন্দ্রে ভোট দেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।
আরও পড়ুন : ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’
সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলে প্রথম এক ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লেগেছে। প্রায় এক ঘণ্টায় এই কেন্দ্রে ১৩ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রের মোট ভোটার ৬৫০ জন।
নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। জাকসুর ইতিহাসে এ প্রথম বারের মতো নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) প্রযুক্তি-ভিত্তিক ব্যালট ব্যবহার করা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









