কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।
ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রতিবেশী ও অন্যতম মিত্র জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘একটি বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য উস্কানিমূলক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে।
এই ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে কুয়েত। দেশটি এর প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রতিশোধ হিসেবে কাতার যে পদক্ষেপ নেবে তার প্রতি নিজেদের ‘পূর্ণ সমর্থন’ থাকবে।
ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, এই হামলাকে ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন ওমানের সুলতান।
প্রসঙ্গত, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা।
আরও পড়ুন : এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজার জন্য সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। ওই সময় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কাটারা জেলায় ধোঁয়া উঠতে দেখা গেছে।
আইডিএফ বলেছে, ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
ঢাকা ডেস্ক 









