ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সিনেট ভবন কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৬০-৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান তিনি।
গোলাম রাব্বানী বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সিনেট ভবন কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৬০-৬৫ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন : শিবিরের বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।
দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
ঢাকা ডেস্ক 









