ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিতর্কে জড়ালেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল নয়টার কিছু আগে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে হঠাৎ ঢুকে পড়েন তিনি।
সেসময় জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, খবর পেয়ে পরে জগন্নাথ হলে যাই। তখন আর কাউকে পাইনি। তবে এরপর থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।’
আবিদুল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য কোনো কার্ড দেয়নি। এজন্য অনেক কেন্দ্রে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। মেয়েদের হলের ভোটকেন্দ্রে তো একেবারেই ঢুকতে পারছি না।’
আরও পড়ুন : শহীদদের স্বপ্ন পূরণের সুষ্ঠু নির্বাচন চান সাদিক কায়েম
তবে কিছুক্ষণ পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পাশে শামসুন নাহার হল ভোটকেন্দ্রের বাইরে তাকে দেখা যায়। সেখানে উপস্থিত শিক্ষার্থীদের অনেকে প্রকাশ্যে উষ্মা জানান।
এদিকে শুধু আবিদুল নন, ছাত্রদল প্যানেলের বেশ কয়েকজন কর্মীকেও ভোটকেন্দ্রের আশপাশে লিফলেট বিলি করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, ব্যালট নম্বর মনে করিয়ে দেওয়ার জন্যই এই লিফলেট বিতরণ করা হচ্ছে।
ভোট শুরু হওয়ার পরপরই এমন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীদের একাংশ বলছে, নির্বাচনী পরিবেশ ইতিবাচক হলেও প্রার্থীদের দায়িত্বশীল আচরণ জরুরি। অন্যদিকে, আবিদুল ও তার সমর্থকেরা দাবি করছেন—প্রার্থীদের জন্য নির্দিষ্ট নিয়ম-কানুন পরিষ্কারভাবে জানানো হয়নি, তাই এমন বিভ্রান্তি তৈরি হয়েছে।
ঢাকা ডেস্ক 









