ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত সীমানা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে। অপরদিকে বাগেরহাটে একটি কমে তিনটি আসন রাখা হয়েছে। এ ছাড়া ৩৯টি আসনে আনা হয়েছে ছোটখাটো পরিবর্তন।
ইসি সচিব জানান, সংসদীয় সীমানা নিয়ে সর্বমোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি, আর ৭০৮টি সুপারিশ। ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে এসব মতামত জমা পড়ে, যা পক্ষ-বিপক্ষ উভয় দিক থেকেই এসেছে।
আরও পড়ুন : মানবতাবিরোধী মামলায় অভিযুক্তদের নির্বাচনে নিষেধাজ্ঞা
গত ৩০ জুলাই খসড়া প্রকাশের পর নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে আপত্তি-সুপারিশ জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর ২৪-২৭ আগস্ট টানা চার দিন ধরে শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রকাশ হলো চূড়ান্ত গেজেট।
নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, জনসংখ্যা, ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় এনে আসন পুনর্নির্ধারণ করা হয়েছে।
এখন থেকে এই চূড়ান্ত সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসনের বিস্তারিত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা ডেস্ক 









