বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তার নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে। তবে, প্রয়োজনে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সরকার সমাধান করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, উনি (তারেক রহমান) এই দেশের নাগরিক। উনি আসতে পারেন যেকোনো সময়ই। আসার জন্য যদি ওনার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো।
তারেক রহমান কখন দেশে ফিরবেন, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা আমার জানা নেই।
আরও পড়ুন : রাবি ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি ভারতকে দেওয়া হয়েছিল, এরপর আর কোনো অগ্রগতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি।
‘তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তা জানানো হবে,’ যোগ করেন উপদেষ্টা।
ঢাকা ডেস্ক 









