জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নামে ফেসবুকে খোলা হয়েছে একটি ভুয়া অ্যাকাউন্ট। আরও বিস্ময়কর হলো—অ্যাকাউন্টটি ভেরিফায়েড হয়ে ব্লু ব্যাজও অর্জন করেছে এবং হাসনাতের আসল অ্যাকাউন্টকেই ব্লক করে দিয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘আমার ছবি ব্যবহার করে যে ভুয়া অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, সেটি পুরোপুরি ফেইক। ষড়যন্ত্রের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা এটি খুলে আমাকে ব্লক করেছে। বিভ্রান্ত হবেন না। আমার একমাত্র অফিশিয়াল ফেসবুক প্রোফাইল লাল প্রোফাইল ছবি এবং কালো ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ লেখা কভার দিয়ে চেনা যাবে। বায়োতে লেখা রয়েছে—‘তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়…’।”
আরও পড়ুন : চবিতে সংঘর্ষে আহত ১৫০০, গুরুতরদের হাসপাতালে নেওয়া হয় ১১ বাসে
তিনি আরও বলেন, খুব শিগগিরই ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশবাসীকে এসব ফেইক অ্যাকাউন্টের তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভুয়া অ্যাকাউন্টটিতে ইতোমধ্যেই প্রায় ২৮ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন, ভারত ও সংস্কারসহ নানা বিষয়ে পোস্ট দেওয়া হচ্ছে।
অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর আসল ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে প্রায় ২.৮ মিলিয়ন ফলোয়ার। সেখানে সর্বশেষ পোস্ট করা হয়েছে সরোয়ার তুষারকে নিয়ে।
ঢাকা ডেস্ক 









