খেলার মাঠে সংরক্ষিত প্রজাতির একটি পাখি ডিম পাড়ায় প্রাণীটিকে বাচ্চা ফোটানোর সময় দিতে অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স নামে একটি স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে একমাস এই স্টেডিয়ামটি বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, ক্যানবেরা শহরের খুব কাছেই জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের অবস্থান। ঘটনার দিন সেখানে ফুটবল খেলা চলছিল। কিন্তু খেলা চলাকালে মাঠের একেবারে মাঝখানে সংরক্ষিত প্রজাতির ‘প্লোভার পাখি’ ডিম পাড়ে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সেটি ওয়াইল্ডকেয়ার নামে বন্যপ্রাণী সংস্থাকে জানানো হয়। পাখি ও তার ডিমের নিরাপত্তায় সরকারি এই সংস্থার পরামর্শে তখনই খেলা বন্ধ করে দেওয়া হয় এবং ফুটবল ম্যাচের বাকি অংশ পার্শ্ববর্তী আরেকটি মাঠে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
বাচ্চা ফোটার পর প্লোভার খুব ক্ষিপ্ত থাকে। বাচ্চার নিরাপত্তায় এ সময় তারা যে হুমকিকে আক্রমণ করে এবং শত্রুকে আশেপাশে যেতে দেয় না।
কাউন্সিল জানিয়েছে, ওয়াইল্ডকেয়ার নামের বন্যপ্রাণী সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাখিটি যাতে নিরাপদে বাচ্চা ফুটিয়ে চলে যেতে পারে সে কারণে মাঠটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় ফুটবল দলগুলো কাউন্সিলের এই সিদ্ধান্ত মেনে নিয়ে পাখিটির নিরাপদ প্রজননে সহায়তা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাউন্সিল।
ঢাকা ডেস্ক 









