মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় হিন্দি টিভি জগতের পরিচিত মুখ প্রিয়া মারাঠে। রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেত্রী।
১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্ম নেন প্রিয়া। কৈশোর ও পড়াশোনা কাটিয়েছেন মুম্বাইতেই। ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা। পরবর্তীতে তিনি হিন্দি টেলিভিশনে প্রবেশ করে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন।
আরও পড়ুন : নিজেকে কুমারী দাবি মডেল মেঘলার
প্রিয়া অভিনয় করেছেন একাধিক আলোচিত ধারাবাহিকে। এর মধ্যে রয়েছে— পবিত্র রিশতা, তু তিথে মে, সাথ নিভানা সাথিয়া, উত্তরণ এবং ভাগে রে মন। বিশেষ করে পবিত্র রিশতা ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
শুধু অভিনেত্রী নন, প্রিয়া ছিলেন একজন প্রতিভাবান স্ট্যান্ড-আপ কমেডিয়ানও। হিন্দি ধারাবাহিক কসম সে দিয়ে টিভি ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশের পর তিনি অংশ নেন কমেডি সার্কাস-এর প্রথম মৌসুমে। পাশাপাশি দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে বিদায় নিলেন এই প্রতিভাবান শিল্পী। প্রিয়ার অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোকবার্তায় জানিয়েছেন তাকে হারানোর বেদনা।
ঢাকা ডেস্ক 









