দেশের বাজারে সবজির দাম যেন কিছুতেই সাধারণ মানুষের নাগালের মধ্যে আসছে না। সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, সূত্রাপুর, শ্যামবাজারসহ একাধিক বাজার ঘুরে দেখা গেছে, সবজির চড়া দামের কারণে বেশিরভাগ ভোক্তাই স্বল্প পরিমাণে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।
গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে (গোল) ১৪০, বেগুন (লম্বা) ৮০ থেকে ১০০, করলা ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো ১৬০ থেকে ১৮০, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০, শসা ১০০, পটোল ৮০ টাকা, বরবটি ১০০, ঝিঙা ৮০, ধুন্দল ৮০, কাঁকরোল ৮০, চিচিঙ্গা ৮০ এবং কচুরমুখী প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। অন্যদিকে ভারতীয় গাজর ১৪০ টাকা, ধনেপাতা ৪০০ এবং ক্যাপসিকাম ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির মধ্যে আলু ও পেঁপেই মিলছে একটু কম দামে। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা ও পেঁপে প্রতি কেজি ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বলছেন, মৌসুম বদল, পরিবহন ব্যয় বৃদ্ধি আর পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়াই সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ। তারপর কিছু এলাকায় বন্যা চলছে, বৃষ্টিতে কৃষক ঠিকমতো ফসল তুলতে পারেন না। পানি শুকিয়ে গেলে বৃষ্টি কমে গেলে আবার দাম কমে যাবে।
জিগাতলার সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ার কারণে মূলত সরবরাহ কম হচ্ছে। দাম বাড়ার পর থেকে সবজি বিক্রি অনেক কমে গেছে। মানুষ এখন কম পরিমাণে সবজি কিনছে। আগে এক কেজি সবজি কিনলে এখন আধা কেজি কিনছে।
শ্যামলির খুচরা সবজি বিক্রেতা জহির রায়হান বলেন, কয়েকদিন ধরে কাঁচা তরকারির দাম বেড়েছে। অনেক জেলায় বন্যা ও বৃষ্টির কারণে এমনটি ঘটছে। তারপরও যারা বড় ব্যবসায়ী আছেন, তারা আবার সিন্ডিকেট করছেন। কাঁচামরিচসহ বিভিন্ন পণ্য মজুত রেখে দাম বাড়ানোর চেষ্টা করছেন। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা মালপত্র কিনতে এসে ঝামেলায় পড়ি।
আরও পড়ুন : অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
শ্যামবাজারে বাজার করতে আসা বাতেন নামে একজন ক্রেতা বলেন, সবজির এত দাম বেড়েছে যা কিনতে আমাদের হিমশিম কেতে হচ্ছে। তাহলে আমরা কী খেয়ে বাঁচব।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের মে মাস থেকে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ভালো থাকায় বাজারে এসবের দাম ছিল সহনীয়, কিন্তু জুনের শেষদিকে সরবরাহ ভালো থাকলেও বৃষ্টি শুরুর অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়াতে থাকেন ব্যবসায়ীরা। ভোক্তারা বলছেন, আগের মতো এখন বাজার তদারকি করা হচ্ছে না বলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়াচ্ছেন।
ঢাকা ডেস্ক 









