বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০২৪ সালের গণ আন্দোলন তিনি স্বাধীনতার কাছাকাছি মনে করেন। তবে আন্দোলনের নেতৃত্বদানকারী বীরদের বর্তমান কার্যকলাপে দেশবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলায় নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তার ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান।
আরও পড়ুন : ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত
কাদের সিদ্দিকী বলেন, “আমি দেশবাসী ও আন্তর্জাতিক অঙ্গনে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং তাদের সমর্থন করি। কিন্তু বর্তমানে আন্দোলনকারীদের আচরণে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি ভেবেছিলাম তাদের বিজয় হাজার বছর স্থায়ী হবে, কিন্তু মাত্র এক বছরের মধ্যে তা ধ্বংসের পথে যাচ্ছে—এটা আমরা আশা করিনি।”
তিনি আরও বলেন, “আওয়ামী দোসর থেকে আজকের এই স্বৈরাচাররাই বড় স্বৈরাচার হয়ে উঠেছে। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।”
সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।
ঢাকা ডেস্ক 









