রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে সেনা সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
জাপার অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিলকারীরা হঠাৎ তাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। অপরদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় জাপা কার্যালয়ের দিক থেকে ইট-পাটকেল ছোড়া হলে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন : এআই নিয়ে ভয় পাচ্ছে নির্বাচন কমিশন
গণঅধিকার পরিষদের উচ্চ পর্যায়ের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, আওয়ামী লীগের সহযোগী শক্তির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল শেষে কাকরাইল অতিক্রম করার সময় জাপার কার্যালয়ের সামনে থেকে তাদের ওপর হামলা হয়। তার দাবি, ঘটনাস্থলে জাপার নেতাকর্মীদের পাশাপাশি ক্ষমতাসীন দলের সমর্থকরাও উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের দাবি, এ ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছে। বর্তমানে কাকরাইল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
ঢাকা ডেস্ক 









