রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে অগ্রসর হলে বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে তারা শাহবাগ মোড় থেকে সরে দাঁড়ায়।
এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রাখেন প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের উপস্থিতিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আরও পড়ুন : শাহবাগে আজও শিক্ষার্থীদের অবরোধ, যানজটে তীব্র ভোগান্তি
শিক্ষার্থীদের স্লোগানে উঠে আসে— “আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “কোটা না মেধায়, মেধায় মেধায়”, “অবৈধ ডিপ্লোমা কোটা বন্ধ করো”, “মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও” ইত্যাদি।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
- ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার না করার নিশ্চয়তা,
- ২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,
- ৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
পুলিশ ও শিক্ষার্থীদের এই মুখোমুখি অবস্থানে শাহবাগ ও আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে।
ঢাকা ডেস্ক 









