রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে মূল সড়কে অবস্থান নেন। এতে মুহূর্তেই বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক, সৃষ্টি হয় তীব্র যানজট।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
- ১. ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার করতে পারবেন না,
- ২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত না করা,
- ৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের প্রবেশাধিকার নিশ্চিত করা।
গতকাল মঙ্গলবারও একই দাবিতে শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।
আরও পড়ুন : তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না। প্রয়োজনে শাহবাগ ছাড়াও অন্য এলাকায় অবস্থান কর্মসূচি দেওয়া হতে পারে।
অবরোধের কারণে শাহবাগ হয়ে চলাচলকারী বাস ও অন্যান্য যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে তাতেও যানজট এড়ানো যাচ্ছে না। কাঁটাবন, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী সাব্বির মাহমুদ বলেন, “আমরা চাইনি জনদুর্ভোগ হোক। তাই প্রথমে রাতের বেলা আন্দোলন করছিলাম। কিন্তু দাবি না মানায় বাধ্য হয়েই সড়ক অবরোধ করেছি।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, যানজট কমাতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









