রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ জালালকে হেফাজতে নিয়েছে এবং রাতেই তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাও দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
আরও পড়ুন : রুমমেটকে ছুরিকাঘাত করায় ডাকসুর ভিপি প্রার্থী হল থেকে বহিস্কার
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডা উত্তেজনা সৃষ্টি করেছিল। আহত রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল আমার রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। আমি প্রতিবাদ করলে সে রেগে গিয়ে আমাকে আঘাত করে। পরে আমি নিজেকে রক্ষা করতে পারি।’
হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ‘জালাল আহমদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। আজকের ঘটনায় সব বিষয় খতিয়ে দেখা হবে। তবে আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না।’
এ ঘটনায় অনেক শিক্ষার্থী প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন। প্রক্টর জানিয়েছেন, শিক্ষার্থীরা যদি উপাচার্যের সঙ্গে বৈঠক করে তাদের দাবি জানান, তাহলে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।
ঢাকা ডেস্ক 









