রাজধানী ঢাকায় বুধবার (২৭ আগস্ট) হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : বৃষ্টি-গরম নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৩ শতাংশ। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের গরম কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা ভাব থাকতে পারে। তবে বৃষ্টিপাতের ফলে সন্ধ্যার পর আবহাওয়া অপেক্ষাকৃত স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ডেস্ক 









