ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রানা মিয়া (৩৫)। তিনি ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা অন্তর্বর্তী সরকারের
স্থানীয়রা জানান, ওই মসজিদে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ জমে ওঠে। রোববার গভীর রাতে আবারও চুরি করতে গেলে রানা মিয়াকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। খবর মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করে ছড়িয়ে দেওয়া হলে উত্তেজিত জনতা দ্রুত সেখানে জড়ো হয়। এক পর্যায়ে তারা রানা মিয়াকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর আহাম্মেদ বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত রানা মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।”
ঢাকা ডেস্ক 









