রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরতে কক্সবাজারে আয়োজিত সম্মেলনে অংশ নিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সেই ধারাবাহিকতায় তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারে ২৪-২৬ আগস্ট। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে আরও বড় সম্মেলনের আয়োজন হবে, যেখানে অন্তত ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।
আরও পড়ুন : একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারের সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনগুলো অংশ নেবেন। বিশেষ দিক হলো—রোহিঙ্গা জনগোষ্ঠী নিজেরাই সরাসরি আলোচনায় যুক্ত হয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন।
প্রেস সচিব বলেন, “রোহিঙ্গাদের মানবিক সংকটকে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা সহজ কাজ নয়। তাই এই সম্মেলনের মাধ্যমে বিশ্বকে আবারও মনে করিয়ে দেওয়া হবে যে, এ সংকট সমাধান না হলে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।”
সম্মেলন উপলক্ষে কক্সবাজার এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে আয়োজনকে সফল করতে কাজ করছে।
ঢাকা ডেস্ক 









