ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একজন সশস্ত্র সদস্যকে তারা আটক করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম সংলগ্ন সীমান্তে এই ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আটক বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য।
আরও পড়ুন : বিজিবির দুই সদস্যকে বেধড়ক পেটাল চোরাকারবারীরা
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজ ইসলাম আরেক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট অতিক্রম করেন এবং প্রায় ১০০ মিটার ভেতরে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এসময় তারা কামঠানার একটি চা-বাগানে ঢুকে পড়েন। খবর পেয়ে বিএসএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিরাজকে আটক করেন। তবে সঙ্গে থাকা অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।
বর্তমানে আটক বিজিবি সদস্যকে কামঠানা বিএসএফ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, তিনি অস্ত্রসজ্জিত ছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের স্থানীয় কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হতে পারে বলে দুই পক্ষের সূত্রে জানা গেছে।
ঢাকা ডেস্ক 









