স্বাধীনতা দিবস উদ্যাপনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়েছিল। কিন্তু একটি লাড্ডু কম পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রামবাসী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেন।
মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা এখন ভিন্দ গ্রাম ছাড়িয়ে সারা ভারতে আলোচনা ও হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঘটনাটি ঘটে গ্রাম পঞ্চায়েত ভবনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছিল। যখন কমলেশ খুশবাহার পালা আসে, তাঁকে একটি মাত্র লাড্ডু দেওয়া হয়। তিনি আরেকটি লাড্ডু চাইলে দেওয়া হয়নি।
এতে ক্ষুব্ধ হয়ে তিনি পঞ্চায়েত ভবনের বাইরে থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে প্রতিবাদ জানান। অভিযোগে তিনি বলেন, পতাকা উত্তোলনের পর পঞ্চায়েত সঠিকভাবে মিষ্টি বিতরণ করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এনডিটিভিকে বলেন, ‘ওই গ্রামবাসী বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। পিয়ন তাঁকে একটি লাড্ডু দিয়েছিল, কিন্তু তিনি দুটি লাড্ডু দেওয়ার জন্য জোরাজুরি করেন। না পেয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোনকল করেন।’
এই অপ্রত্যাশিত ঘটনায় ড্যামেজ কন্ট্রোলের অংশ হিসেবে পঞ্চায়েত বাজার থেকে এক কেজি মিষ্টি কিনে অভিযোগকারীকে শান্ত করার সিদ্ধান্ত নিয়েছে!
তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়, ২০২০ সালের জানুয়ারিতে একই জেলার একজন গ্রামবাসী একটি ত্রুটিপূর্ণ টিউবওয়েল নিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেছিলেন।
ঢাকা ডেস্ক 









