আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নরের নির্দেশের পরও কিন্তু আজ বুধবার (২০ আগস্ট) তিনি অফিস করছেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের সামনে।অফিস থেকে বের হলেই ‘পেটানোর’ হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
তবে গভর্নরের নির্দেশনা মানতে বাধ্য নন বলে জানিয়েছেন শাহীনুল ইসলাম।
শাহীনুল বলেন, ‘আমি তো গভর্নরের অধীনে চাকরি করি না। তিনি বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে? তাঁর কি ভিত্তি রয়েছে? তাঁর কোনো অধিকার নেই। মূলত আমার অফিস বাংলাদেশ ব্যাংকে হওয়ায় আমি কেন্দ্রীয় ব্যাংকে এসে অফিস করছি। এখন গভর্নরের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আর যাঁরা আন্দোলন করছেন বা হুমকি দিচ্ছেন, তা বৃথা আস্ফালন।’
আরও পড়ুন : মেক্সিকোতে রাস্তা থেকে ৬ জনের কাটা মাথা উদ্ধার
গত সোমবার শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে পরদিন গতকাল মঙ্গলবার গভর্নর তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা গণমাধ্যমে জানান। গভর্নর জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউর প্রধান ছুটিতে থাকবেন।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। কিন্তু অফিস করছেন বিএফআইইউর প্রধান শাহীনুল ইসলাম। ছড়িয়ে পড়া ভিডিও ভুয়া বলেও দাবি করেছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে ভিডিওর সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা ডেস্ক 









